প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বেতছড়ি এলাকায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে এ মানবিক সহায়তা পৌঁছে দেন। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে শুকনো খাবার, চালসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং ব্যাপক দুর্ভোগের মুখে পড়ে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট